নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নীল জার্সিতে আবেগ, তেরঙ্গায় গর্ব –আইকনিক ইডেন গার্ডেন্সে ‘হর ঘর তিরঙ্গা’। নীল জার্সিতে মাঠে নামার সঙ্গেই জড়িয়ে থাকে অদম্য আবেগ। দেশের তেরঙ্গা পতাকার গেরুয়া, সাদা ও সবুজ–এই তিন রঙের প্রতি থাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এক কথায় - দেশপ্রেম। সেই আবেগ, সেই দেশাত্মবোধ ও ক্রিকেটের উন্মাদনাকেই একসূত্রে বাঁধল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে আইকনিক ইডেন চত্বর হয়ে উঠল জাতীয় গর্বের এক অনন্য মঞ্চ। ক্রিকেটের প্রতি প্যাশন যেমন বাঙালির রক্তে, তেমনই তেরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রতিটি ভারতীয়র হৃদয়ে। সেই দুই আবেগের মেলবন্ধনেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ইডেনের সবুজ গালিচা।
মাঠে আমরা খেলি বুকের সমস্ত আবেগ উজাড় করে। আর দেশের পতাকা যখন আকাশে ওড়ে, তখন সেই মুহূর্তে গর্বে মাথা উঁচু হয়। নীলের সঙ্গে মিশে যায় গেরুয়া, সাদা ও সবুজের অনির্বচনীয় গর্ব।
ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল সেই বার্তার– খেলার প্রতি প্যাশন, দেশের প্রতি শ্রদ্ধা এবং তেরঙ্গাকে বয়ে নিয়ে চলার অঙ্গীকার। ক্রিকেটের শহর কলকাতায় ‘হর ঘর তিরঙ্গা’ পেল তাই এক আবেগময়, গর্বের রূপ।